ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে যুব সমাজকে আদর্শ, ঐক্য ও মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, যুবকরাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। সঠিক পথে পরিচালিত হলে তারাই সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।
গতকাল বিকেলে শহরের জামতলা এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুব জমিয়তের উদ্যোগে আয়োজিত “সুন্দর নগর, ঐক্যবদ্ধ যুব শক্তি, করণীয় শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের জীবনে তিনটি ধাপ রয়েছে—শৈশব, যৌবন ও বার্ধক্য। এর মধ্যে যৌবনকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় মানুষ পরিশ্রম, সততা ও আদর্শের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আবার ভুল পথে পরিচালিত হলে জীবনও বিপথে যেতে পারে।
মাওলানা ফেরদাউসুর রহমান আরও বলেন, যে যুবক নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত রাখবে, ইসলামী মূল্যবোধ ধারণ করবে এবং সমাজের কল্যাণে কাজ করবে, আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করবেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে যুব সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। কিছু রাজনৈতিক যুব সংগঠনের কর্মকাণ্ডে মানুষ আতঙ্কিত হয়। সেই নেতিবাচক ধারণা বদলে যুব শক্তিকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করার দায়িত্ব যুব জমিয়ত গ্রহণ করেছে।
তিনি যুবকদের উদ্দেশে বলেন, “তোমাদের ইস্পাতের মতো দৃঢ় হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দাইমি।
মাওলানা হুমায়ুন রশীদের সঞ্চালনায় এবং মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনোয়ার হোসাইন, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা রুহুল আমিন ও মাওলানা সাজ্জাদ হোসাইন।

