ফুলবাড়ী দিবস উপলক্ষে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ) জেলা ও মহানগর শাখা।
বুধবার (২৬ আগস্ট) শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ী আন্দোলন বাংলাদেশের পরিবেশ, কৃষিজমি, পানি, জনজীবন ও জাতীয় সম্পদ রক্ষার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফুলবাড়ীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদের জনস্বার্থভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
তারা বলেন, দেশের সম্পদ ও পরিবেশ রক্ষায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উন্নয়নের নামে জনজীবন, কৃষি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ উপেক্ষা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিএসএ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম, মহানগরের সমন্বয়কারী মো. বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রানি সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, সদস্য নাজমা বেগম, মহানগরের সদস্য মো. সোহাগসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ ফুলবাড়ী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে জনস্বার্থ, পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

