নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল।
বুধবার (৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।
ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে পূর্বপরিচিত প্রাইভেটকারচালক শাহীনের গাড়িতে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন তাঁরা।
পথে ভোররাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। পরে অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে। একপর্যায়ে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে যায়।
এ সময় প্রবাসীদের সঙ্গে থাকা ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

