সরকার পরিবর্তনের পর দেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তব প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্যমূল্যে কিংবা বিনামূল্যে সার সরবরাহ এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, মাদক, সন্ত্রাস ও জমি দখল বন্ধের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় কৃষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্যের বিষয়টি জানানো হয়।
আবদুল জব্বার বলেন, “শুধু বোতল ঠিক আছে, পানির পরিবর্তন হয়েছে। অর্থাৎ রহমত উল্লাহর জায়গায় সমতুল্লাহ পরিবর্তন হয়েছে, কিন্তু ভেতরের মাল একই রয়েছে।” তাঁর অভিযোগ, আগের মতো এখনো অযোগ্য ও দায়িত্বহীন ব্যক্তিরা ক্ষমতায় রয়েছেন এবং তাঁরা কী করবেন, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিতে পারছেন না।
দেশের চলমান শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের লোকজন অনুপ্রবেশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের ভোটাধিকার প্রসঙ্গে আবদুল জব্বার বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অন্যথায় দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেবে না।
অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকরসহ স্থানীয় নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

