বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় নারায়ণগঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের ২১ জন কৃতী সন্তানকে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম ২১ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, নগদ সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, জীবনে নৈতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার পাশাপাশি খারাপ সঙ্গ পরিহার করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত না হয়ে সময়কে কাজে লাগানোর পরামর্শ দেন। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
তাসমিন আক্তার বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়।

