নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় সিম গ্রুপের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা কারখানার এয়ার কম্প্রেসার কক্ষে কাজ করছিলেন। এ সময় গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধ শ্রমিকরা হলেন ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। তাঁদের মধ্যে নাইমুলের শরীরের ৪২ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ এবং তপনের ১২ শতাংশ পুড়ে গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চার শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে নাইমুলের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সিম গ্রুপের কারখানার প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম জানান, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা এয়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
এ ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা ও বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

