দেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন এ খাতের শ্রমিকরা। তাই শ্রমিকদের আন্দোলনের নামে কোনো অপতৎপরতায় জড়িয়ে না পড়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফতুল্লা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক হতে পারে। তবে এ দাবির সমাধান হতে হবে শ্রমিক, মালিকপক্ষ ও সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে। ইতোমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সিদ্ধান্তের পর কোনো পক্ষ অসন্তুষ্ট হলে আন্দোলনের সুযোগ রয়েছে। কিন্তু সিদ্ধান্ত আসার আগেই আন্দোলনে নামলে পরিস্থিতি জটিল হতে পারে।
তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অপতৎপরতার বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে বলে উল্লেখ করেন তিনি।
রাজীবের দাবি, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক বাজার নষ্ট করতে বিভিন্ন মহল তৎপর রয়েছে। দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এ শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিক। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তবে কোনো গোষ্ঠী যাতে শ্রমিকদের দাবিকে ব্যবহার করে দেশের অর্থনীতি ও শিল্প খাতের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, গার্মেন্টস শিল্পের ওপর লাখ লাখ শ্রমিকের জীবিকা নির্ভরশীল। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত শ্রমিকদেরই কর্মসংস্থান ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই শ্রমিকদের দাবি আদায়ের পাশাপাশি শিল্পের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

