নারায়ণগঞ্জে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেননি শিক্ষার্থীরা। জেলায় এ পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সমমানের আলিম পরীক্ষায় পাসের হার তুলনামূলক বেশি, ৭৩ দশমিক ৮৪ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় জেলার পাঁচটি উপজেলার ২২ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন। অপরদিকে, আলিম পরীক্ষায় ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭২০ জন। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলের বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা। এ উপজেলায় ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার সোনারগাঁয়ে। সেখানে ২ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৫২ জন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন।
এ ছাড়া বন্দরে ২ হাজার ৭১০ জনের মধ্যে পাস করেছেন ৮৮১ জন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৫৫ জন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জনের মধ্যে পাস করেছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
অন্যদিকে, আলিম পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে সোনারগাঁ উপজেলা। এ উপজেলায় ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
আলিম পরীক্ষায় নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে ২৫৮ জন পাস করেছেন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বন্দরে ১৩৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৮ জন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুজন।
এ ছাড়া আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে পাস করেছেন ১৯৮ জন। পাসের হার ৭৫ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
ফলাফলে দেখা গেছে, এইচএসসিতে নারায়ণগঞ্জ সদরের ফল তুলনামূলক ভালো হলেও সোনারগাঁ ও বন্দরে পাসের হার বেশ কম। বিপরীতে আলিম পরীক্ষায় সোনারগাঁয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

