ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার প্রায় দেড় বছর অতিবাহিত হলেও এখনো অধীনস্থ থানা ও ওয়ার্ড পর্যায়ের ইউনিট কমিটি গঠন না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বাড়ছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ২০২৩ সালের ২৯ আগস্ট ঘোষণা করা হয়েছিল। ওই দিন কেন্দ্রীয় যুবদল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। মহানগর কমিটিতে মনিরুল ইসলাম সজল কে আহ্বায়ক এবংশাহেদ আহমেদকে সদস্যসচিব করা হয়।
পরবর্তীতে দীর্ঘ সময় পর ওই আহ্বায়ক কমিটির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে অনুমোদন করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কোনো ইউনিট কমিটি ঘোষণা না হওয়ায় প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরে।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, আন্দোলন-সংগ্রামের সময় যারা রাজপথে সক্রিয় ছিলেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। বরং সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানান, বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। অনেকেই কারাভোগ করেছেন, আবার অনেকে পরিবার-পরিজন নিয়ে নানা ধরনের হয়রানির মুখোমুখি হয়েছেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই ত্যাগী নেতাকর্মীদের অনেকেই এখন উপেক্ষিত বলে মনে করছেন।
তাদের ভাষ্য, একসময় যেসব নেতা নিয়মিত যোগাযোগ রেখে আন্দোলন-সংগ্রামের খোঁজখবর নিতেন, এখন তাদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে। ফলে তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে এবং ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব সংগঠনের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে দল পুনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মহানগর যুবদলের আওতাধীন ইউনিট কমিটি গঠন না হওয়ার কারণ জানতে চাইলে আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম সজল বলেন, “কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা ছাড়া আমাদের পক্ষে ইউনিট কমিটি ঘোষণা করা সম্ভব নয়। কেন্দ্র থেকে অনুমোদন বা নির্দেশনা পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, “সাংগঠনিক নিয়ম মেনেই ইউনিট কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।”
তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ভিন্নমত প্রকাশ করে বলেন, “সাংগঠনিক কিছু সীমাবদ্ধতার কারণেই এখনো ইউনিট কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। কমিটি গঠনের ক্ষেত্রে যাতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা বঞ্চিত না হন, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।”
দীর্ঘদিন ধরে ইউনিট কমিটি গঠন না হওয়ায় মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

