নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ কথিত ডাকাত সরদার মামুন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৩১টি মামলা রয়েছে। তিনি দেশের বিভিন্ন জেলায় ডাকাত দলের নেতৃত্ব দিতেন।
শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাচড়া এলাকায় মামুনের নিজ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মামুন (৪৬) ওই এলাকার প্রয়াত আকবরের ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন একই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে মুক্তার হোসেন (৫০) এবং জয়নাল মিয়ার ছেলে রিয়াদ (২২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি রামদা, তিনটি ছুরি, দুটি চাপাতি, স্টিলের তৈরি একটি চায়নিজ কুড়ালসহ মোট ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে বন্দর ও সোনারগাঁসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে ৩১টি মামলা রয়েছে। মুছাপুর এলাকায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলারও প্রধান আসামি তিনি।
ওসি আরও জানান, পুলিশের কাছে তথ্য রয়েছে, মামুন বিভিন্ন জেলায় ডাকাতির সঙ্গে জড়িত একটি দলের নেতৃত্ব দিতেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় দুটি মামলা করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

