নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানী। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় অসংগতি, নির্বাচনী তফসিলের নিয়মনীতি অনুসরণ না করা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কারণে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব অভিযোগ করেন।
আনিসুল ইসলাম সানী বলেন, ভোটার তালিকায় নানা ধরনের ভুল রয়েছে। নামের বানান ভুল, সিরিয়াল নম্বরে অসংগতি সব মিলিয়ে ভোটার তালিকা সঠিকভাবে প্রস্তুত করা হয়নি। মনে হয়েছে, একটি অযোগ্য নির্বাচন কমিশনের অধীনে ভোট দিয়ে এলাম। সবচেয়ে বড় বিষয় হলো, নির্বাচনের যে তফসিল ও নীতিমালা রয়েছে, নির্বাচন পরিচালনায় তার যথাযথ অনুসরণ করা হয়নি।
তিনি আরও বলেন, এভাবে একটি নির্বাচন হতে পারে না। আমি ইতিপূর্বে নারায়ণগঞ্জ ক্লাব ও হোসিয়ারি সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছি। নির্বাচন কীভাবে পরিচালনা করতে হয় এবং এর নিয়মকানুন কী, সে বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এবারের নির্বাচন কোনোভাবেই প্রচলিত নির্বাচনী তফসিল ও নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নির্বাচন কমিশনের সমালোচনা করে সানী বলেন, এ নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পক্ষপাতিত্বের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এমন নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

