সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে গণমাধ্যমকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অনিয়ম ও অপরাধের চিত্র উঠে এলে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা সহজ হয়। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬-এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালে অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করেছিলেন। অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনেও গণমাধ্যমের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রকৃত তথ্য অনুসন্ধান করে সংবাদ প্রকাশ করতে হবে। এতে অপরাধের চিত্র জনসমক্ষে আসবে এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
খানপুরে বিআইডব্লিউটিএর প্রস্তাবিত কন্টেইনার পোর্ট নির্মাণের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সাখাওয়াত বলেন, এ প্রকল্প নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালামের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। দুজনই মনে করেন, শহরের মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তি তৈরি করে এমন স্থানে পোর্ট নির্মাণ করা ঠিক হবে না।
তিনি বলেন, পানগাঁওয়ে ইতোমধ্যে একটি বড় কন্টেইনার পোর্ট রয়েছে। গত বছর সেখানে লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ অর্জিত হয়েছে বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বিদ্যমান পোর্টের কার্যক্রমই যেখানে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি, সেখানে নতুন করে আরেকটি পোর্ট নির্মাণ কতটা যৌক্তিক? জনদুর্ভোগ সৃষ্টি না করে প্রকল্পটির জন্য বিকল্প স্থান নির্ধারণের আহ্বান জানান তিনি।
নগরীর পরিচ্ছন্নতা ও যানজট নিরসনের প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। এ পরিস্থিতি পরিবর্তনে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনমত ও সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। নগর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন সাখাওয়াত।
নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

