ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক । নগরী থেকে উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন স্থানে মাদকের বিস্তার নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। পরিবার, সমাজ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে সর্বস্তরে।
সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে কিংবা গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কয়েকটি চক্র। এতে তরুণ প্রজন্মের একটি অংশ বিপথে যাচ্ছে, বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জ শহর ও আশপাশে মাদকের অন্তত ২০টি স্পট রয়েছে। তিনি জানান, এসব এলাকায় মাদক ব্যবসার যে বিস্তার ঘটেছে, তা কঠোর হস্তে দমন করা হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত ও কঠোর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা দিলেও অনেকেই বলছেন, শুধু ঘোষণা নয়—বাস্তব পদক্ষেপই এখন সবচেয়ে জরুরি। যতক্ষণ পর্যন্ত মাঠপর্যায়ে মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান, গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ মানুষের আতঙ্ক কাটবে না।
নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, রাজনৈতিক বক্তব্য কিংবা সরকারি ঘোষণা যেন বাস্তব পদক্ষেপে রূপ নেয়। মাদকের ভয়াল থাবা থেকে শহর ও আশপাশের জনপদকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর অভিযান শুরু হোক—এটাই এখন সাধারণ মানুষের দাবি।

