নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শুক্রবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি গোলাকান্দাইল ও ভুলতা-গাউছিয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্যসচিব মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, সহসভাপতি মো. ইমরান মিয়া, ছাত্রদল নেতা মো. শাহ আলম মিয়া, মো. সোলেমান মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, এলাকায় কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। রূপগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান তাঁরা।

