নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, ‘ফ্যাসিবাদী ও দিনের ভোট রাতে দেওয়া সরকারকে ফেলতে ১৭ বছর লেগেছে। আর এখন জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কেউ সাত দিনে, কেউ তিন দিনে ফেলে দেওয়ার কথা বলছে। জনগণ সবকিছু দেখছে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আবুল কাউসার আশা বলেন, ‘একটি দলকে মানুষ লাল কার্ড দেখিয়েছে। এক আঙুল দেখিয়েছে আল্লাহ জানেন, কোন আঙুল দেখিয়েছে। আবার আরেক দল বলছে, তারা নাকি ডিসেম্বরেই চলে আসবে। কিন্তু জনগণ সবকিছুর জবাব দেবে।’
বর্তমান সরকারকে নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘এই বর্তমান সরকার কি অটো পাসের সরকার? এই সরকার কি দিনের ভোট রাতে দিয়েছে? যে সরকার দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই সরকারের সঙ্গে বর্তমান সরকারকে গুলিয়ে ফেলার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘যারা পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন, ইতোমধ্যে জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। যারা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
কাউসার আশা আরও বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। রাজপথে থেকে যারা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করেছেন, তাদের ত্যাগকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ম্লান করা যাবে না। কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টি করে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।’
শনিবারের শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আাবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফহতে রেজা রিপন, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

