ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইরের বোয়ালিয়া খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় র্যাবের তিন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই সদস্যকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে, গুরুতর অবস্থায় থাকা এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে আহত সদস্যদের খোঁজখবর নেন। একই সঙ্গে ঘটনাস্থলেও অভিযান জোরদার করা হয়।
তবে এ ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি র্যাব। মুঠোফোনে যোগাযোগ করা হলে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, “তিনজন সদস্য আহত হয়েছেন। কীভাবে এবং কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

