নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (৩৫) ও তার দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে মারামারির অভিযোগে মামলা হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন জনৈক শফিকুল ইসলাম।
মামলার অন্য আসামিরা হলেন—আরিফুল ইসলাম ভূঁইয়ার দুই ভাই মো. আল-আমিন ভূঁইয়া (৩৮) ও মো. সজীব ভূঁইয়া (২৫), মো. সেন্টু ভূঁইয়া (৩০) এবং আমজাদ হোসেন (৩৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার জনৈক সফিউদ্দিন মিয়া ও সুমন আহমেদের ৬০ শতাংশ জমি শফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সুবেদ আলী, শহীদুল্লাহ, মোহাম্মদ আলী ও জাকির হোসাইন সম্মিলিতভাবে রেজিস্ট্রি বায়নামূলে ক্রয় করেন।
গত ৩ সেপ্টেম্বর অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ জোরপূর্বক ওই জমিতে অবৈধভাবে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় জমির ভোগদখলকারীরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালান। এতে কয়েকজন রক্তাক্ত জখম হন। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মামলার বাদী পক্ষের দাবি, তারা কয়েকজন মিলে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা বায়না রেজিস্ট্রির মাধ্যমে জমিটি ক্রয় করে ভোগদখলে রয়েছেন। হঠাৎ আরিফুল ইসলাম ভূঁইয়া, তার দুই ভাইসহ আরও কয়েকজন ওই জমিতে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তারা হামলা চালিয়ে শফিকুল ইসলাম, নবীর হোসেন ও রাজা মিয়াকে গুরুতর আহত করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ বলেন, মারামারির অভিযোগে গণঅধিকার পরিষদ নেতা, তার ভাই ও সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

