ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিটিইউসি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি আঃ হাই শরীফ, সহ-সভাপতি তপন কুমার রায় ও শিমুল দাস, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, সদস্য দুলাল সাহা, দিলীপ কুমার দাস, আবুল বাসার এবং হকার নেতা অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও তারা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অন্যদিকে কম মজুরি ও বকেয়া বেতনের চাপে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক মালিক মাসের পর মাস শ্রমিকদের বেতন আটকে রাখেন, যা অমানবিক ও অন্যায়।
নেতৃবৃন্দ ঈদের আগেই সকল সেক্টরের শ্রমিকদের চলতি মে মাসের পূর্ণ বেতন, সব বকেয়া পাওনা এবং এক মাসের বেসিক বেতনের সমপরিমাণ ঈদ বোনাস পরিশোধের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সড়ক ও যানবাহনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অতীতের মতো এবারও কিছু কারখানা মালিক শ্রমিকদের ন্যায্য বেতন-বোনাস না দিয়ে সংকট তৈরির চেষ্টা করতে পারে। নামমাত্র বোনাস দিয়ে শ্রমিকদের বিদায় করার সংস্কৃতি আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন থেকে সরকার ও মালিকপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে পরিস্থিতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

