নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও কর্মনিষ্ঠার প্রশংসা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সহকর্মী ও সংশ্লিষ্টদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানও প্রশংসনীয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে র্যাব-১১-এর সিও, ৬২ বিজিবির সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

