নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা বলেন, এটি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মসূচি নয় বরং সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে সচেতনতা তৈরির উদ্যোগ।
রোববার (৭ আগস্ট) বিকেলে বাবুরাইল লেকসংলগ্ন মাঠে ১নং বাবুরাইল এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জের জিমখানা এলাকা মাদকের বড় কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। স্থানীয় তরুণদের সম্মিলিত উদ্যোগে সেখানে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একইভাবে বাবুরাইলেও সবাই ঐক্যবদ্ধ হলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ টেনে বিভা বলেন, সাবেক জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে তিনি কখনো আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেইনি। তিনি নিজেকে বিএনপির আদর্শে বিশ্বাসী এবং সর্বোপরি জনগণের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।
আফসানা আফরোজ বিভার সভাপতিত্বে এবং মোহাম্মদ লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু।
এসময় আরও উপস্থিত ছিলেন পাইকপাড়া মাদকবিরোধী পঞ্চায়েত কমিটির উপদেষ্টা নিজাম উদ্দিন মৃধা, সমাজসেবক মো. লিটন, মোহাম্মদ শাহীন, মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ আরিফ হোসেন, মো. বাপ্পী, মো. লিখন, শাহনেওয়াজ শাহীন, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

