ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ মে ভোটগ্রহণের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে।
এর আগে ঘোষিত তফসিল অনুসারে বার কাউন্সিল নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিটি গতকাল বুধবার বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বার কাউন্সিল ভবনে জরুরি সভায় বার কাউন্সিল সদস্যরা নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেন। সারা দেশে তীব্র জ্বালানিসংকটের কারণে নির্বাচনী কাজ ও প্রচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১৯ মে বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির অনুরোধ বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত করা হলো।
তিন বছর পর বার কাউন্সিল নির্বাচন হয়ে থাকে। নির্বাচনে ১৪টি পদ বা আসনে ভোট হয়। এর মধ্যে সাধারণ আসনে সাতজন ও সাতটি অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। সরাসরি ভোটে নির্বাচিত ১৪ সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ায় প্রতিষ্ঠানটির পরবর্তী পদক্ষেপ বা নতুন সময়সূচি সম্পর্কে আইনজীবীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

