নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক বাহিনীর প্রধান এবং তার সহযোগী সোহেলকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ ও র্যাব-১১-এর যৌথ দল ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে রাতেই তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ চাষাঢ়ায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তাকে আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই শামীম হোসেন জানান, রাজ্জাকের সহযোগী সোহেলকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাবের অভিযানের পর তাদের থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, ইসদাইর এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

