নারায়ণগঞ্জে আলোচিত মাওলানা ফেরদৌসুর রহমানকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ধাক্কাধাক্কি ও মারধর করছেন। এ সময় তার মাথায় আঘাত করা হয় এবং পাঞ্জাবি ও পাঞ্জাবির নিচে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। মারধরের একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘তুই শামীম ওসমানের ভাই না?’
জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদৌসুর রহমানকে ঘিরে এ ঘটনায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ বলয়ের ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। বিশেষ করে শামীম ওসমানের ঘনিষ্ঠ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল বলে বিভিন্ন মহলে প্রচার রয়েছে।
ওই সময়ে ওসমান পরিবারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিভিন্ন সভা-সমাবেশে ফেরদৌসকে বক্তব্য দিতে দেখা যেত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। জোটের রাজনীতির সূত্র ধরেও বিএনপি নেতাদের সঙ্গে তার সম্পর্ক বজায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি শহরের জামতলা এলাকায় ‘রূপসী বাংলা’ নামে একটি নার্সারির জায়গার লিজ পাওয়া নিয়ে ফেরদৌসকে ঘিরে বিতর্ক তৈরি হয়। জেলা পরিষদ থেকে জায়গাটি তার নামে লিজ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই নার্সারির মালিক সুমন জায়গাটি লিজ নিয়ে একটি অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার পর একটি মামলায় গ্রেপ্তার হন। সুমনের পরিবারের অভিযোগ, ফেরদৌসের প্রভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন গ্রেপ্তারের পরপরই নার্সারির জায়গাটি একদিনের মধ্যে ফেরদৌসের দখলে চলে যায় বলে অভিযোগ রয়েছে। পরে সেখানে দ্রুতগতিতে দোকান নির্মাণের কাজ শুরু হয়।
এদিকে ফেরদৌসের দাবি, দোকান নির্মাণকে কেন্দ্র করে তার কাছে চাঁদা দাবি করেন ছাত্রদলের এক নেতা। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়েছে। তার অভিযোগ, ছাত্রদলকর্মী অনিক ফোন করে কথা আছে বলে তাকে ডেকে নেন। পরে জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে গেলে ছাত্রদল নেতা রাজীবের নির্দেশে তোফায়েল, মিলনসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা করার পাশাপাশি পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতেও ফেরদৌসের ওপর হামলার দৃশ্য দেখা গেছে। সেখানে কয়েকজনকে তাকে ধাক্কা দিতে ও মাথায় আঘাত করতে দেখা যায়। একপর্যায়ে তার পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে যায়। হামলার সময় তাকে শামীম ওসমানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে কটাক্ষ করতেও শোনা যায়।
পুরোনো রাজনৈতিক ঘনিষ্ঠতা, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ, নার্সারির জায়গা নিয়ে বিরোধ এবং সর্বশেষ প্রকাশ্যে মারধরের ভিডিও—সব মিলিয়ে মাওলানা ফেরদৌসুর রহমানকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে হামলার ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এবং জায়গা লিজ ও দখলসংক্রান্ত অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন।

