নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্টেশনে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্টেশনে থাকা ঝালমুড়ি বিক্রেতা সেন্টু জানান, ট্রেনটি স্টেশনে থামার আগেই ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের নিচে পড়ে যান।
তবে দুর্ঘটনার কারণ নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ দাবি করছেন, ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ বলছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
চাষাঢ়া রেলস্টেশনের জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। সঠিকভাবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, ট্রেনের নিচে পড়ে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

