নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। সভায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত বিধিবিধান ও সংশ্লিষ্ট আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। সভায় ইটভাটা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
মতবিনিময় সভায় ইটভাটা মালিকদের মধ্যে মো. ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল লতিফ ও মো. নজরুল ইসলাম বাবুলসহ অনেকে বক্তব্য দেন।
সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ অনুযায়ী ইটভাটা পরিচালনার বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।
এ সময় আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় স্থাপিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটায় কাঠ বা কাঠজাতীয় কোনো পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার না করার বিষয়ে মালিকদের সতর্ক করা হয়।
ইটভাটা পরিচালনার আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার অন্তত এক মাস আগে নবায়নের জন্য আবেদন করতে বলা হয়েছে। ইটভাটায় মাটি ব্যবহারসহ অন্যান্য কার্যক্রমও সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণ করে পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
সভায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো অবস্থাতেই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা যাবে না। আইন অমান্য করে কার্যক্রম চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

