নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাসিমা বেগম হত্যা মামলার পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার সব আসামির সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত নাসিমার পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নাসিমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হলে এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামি ফারজানা ও হাসানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাসিমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামে ওই গৃহবধূকে মারধর করা হয়। এ ঘটনায় তার দেবরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় নাসিমাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।
এ ঘটনায় দেবর আলাল নিয়াসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার সঙ্গে জড়িত আরও দুই আসামি ফারজানা ও হাসান বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

