নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ মাদকবিরোধী অভিযানে আটক ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নিকু চন্দ্র দাস (৪৫) ও মো. সাদ্দাম (৩৫)-কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া দুর্জয় চন্দ্র দাস (৩৮), মজনু মিয়া (২৫), শাকিল মিয়া (২৪), সাইফুল ইসলাম (২৬), পনির মিয়া (৫৪) এবং মহাকান্তি (৩২)-কে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, আমার মিয়া (৪০)-কে তিন মাস এবং রফিকুল ইসলাম (২৫)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সবাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

