জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে তাদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, সরকার চলতি বছর দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তাদের বিদ্যালয়েও সেই কর্মসূচি যথাযথভাবে পালন করা হচ্ছে। তিনি জানান, গত ১২ বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হচ্ছে, যাতে মানুষ গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ পরিচর্যায়ও গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; সেগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। অন্যথায় পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এ কারণে বিদ্যালয়ের পাঠ্যক্রমে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসারের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আতিকুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না।

