নারায়ণগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা।
সোমবার (১০ আগস্ট) বিকেলে নগরীর মহানগর ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান ইন্টু।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্রশিবিরের মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

