সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের একটি খালি জমি খেলার মাঠ তৈরির উদ্দেশ্যে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. শফিকুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে নারীসহ তিনজন আহত হন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জমিটির শেয়ারহোল্ডার আব্দুর রব, ইয়াকুব ও হামলার শিকার দাবি করা আরমান জানান, তারা প্রায় অর্ধশত শেয়ারহোল্ডারের সঙ্গে দীর্ঘদিন ধরে নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীনের বিরোধে জড়িয়ে আছেন। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমন অবস্থায় স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় জমি দখলের চেষ্টা করা হয় বলে তাদের অভিযোগ। এতে বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তাদের দাবি, হামলায় এমিলি নামে এক নারী মাথায় রক্তাক্ত জখম হন। এছাড়া সাইফুল ও আরমান নামে আরও দুজনকে মারধর করা হয়।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো. শফিকুল ইসলাম শফিক বলেন, কটন মিল এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অনুরোধে তরুণদের মাদক থেকে দূরে রাখতে ওই খালি জমিতে একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মাঠ তৈরির জন্য বালু ভরাট করতে গেলে স্থানীয় কিছু নারী-পুরুষ বাধা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালেকুজ্জামান জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় একজন নারী আহত হয়েছেন। উভয় পক্ষকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের মালিকানা ও জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক মামলা ও বিরোধ চলমান রয়েছে।

