নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার কুমারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুনবাজার কুমারপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুরে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও কাজ করছে।
উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

