তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ১৬০ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচি থেকে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া শুরু না হওয়া বিচারহীনতার সংস্কৃতিকেই আরও শক্তিশালী করছে।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬০ মাস উপলক্ষে সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সংগঠনের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ত্বকীর পিতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি-সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সভাপতি অ্যাডভোকেট আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ এবং বাসদের জেলা সংগঠক প্রদীপ সরকার।
অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, দুই বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে অসংখ্য মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে নারায়ণগঞ্জেরও কয়েকজন ছিলেন। তিনি অভিযোগ করেন, ত্বকী হত্যার সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে রক্ষা করা হয়েছিল এবং এখনো সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, ওসমান পরিবারের নিয়ন্ত্রিত বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্র বর্তমানে অন্যদের দখলে চলে গেছে এবং সেখান থেকে আদায় হওয়া অর্থ বিদেশে অবস্থানরত অভিযুক্তদের কাছেও পৌঁছাচ্ছে। প্রশাসন এসব বিষয়ে অবগত থাকলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ দখলদারিত্বের পরিবর্তে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ত্বকী হত্যাসহ সাগর-রুনি, তনু, আশিক, চঞ্চল, বুলু, মিঠু এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মামলার তদন্তে কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠে আসে। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে জানায়, ওসমান পরিবারের নির্দেশে একটি টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়েছে এবং শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই অভিযোগপত্র এখনো আদালতে জমা দেওয়া হয়নি।
ত্বকী হত্যার পর থেকেই বিচার এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

