নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনদুর্ভোগ লাঘবে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টেলিভিশনের সাংবাদিক শহীদুল্লাহ গাজী।
সভায় বক্তব্য দেন মাই টিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, দৈনিক আগামীর সময়ের এ এইচ মিলন, সমকালের জিয়াউর রাশেদ, স্টার নিউজ ও ডেইলি সানের এস এম শাহাদাত, নিউজ টোয়েন্টিফোরের আলম হোসেন, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, এনটিভির শাকিল আহমেদ, এটিএন নিউজের পারভেজ আহমেদ, বিজয় টেলিভিশনের শরীফ আহমেদ লিটন, যুগান্তরের মাহবুব মনি, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, মিজানুর রহমান, ভোরের কাগজের নজরুল ইসলাম, খবরের কাগজের রুবেল শিকদার, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, বাংলাবাজার পত্রিকার দিপু ঘোষ, সিএনএন বাংলার সাইদুর রহমান, আজকের বাংলার মাকসুদুল হক তুষার, নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ, শীতলক্ষ্যা টিভির বিপ্লব হাসান, দৈনিক প্রলয়ের আশিকুর রহমান ও প্রাইম টিভির বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জের চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ এবং সামাজিক অনিয়মের চিত্র তুলে ধরতে তাঁরা পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করা ও অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। অতীতের মতো ভবিষ্যতেও সংবাদ সংগ্রহ এবং পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, “রূপগঞ্জের জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যেই এখানে দায়িত্ব নিয়েছি। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করাই আমার লক্ষ্য। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে প্রশাসন কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভায় রূপগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি ও অপহরণ প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অপরাধ দমন, এলাকার সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

