নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিচয় না পাওয়া এক যুবক। ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কে মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন জানান, ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ বর্তমানে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

