ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৩নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। পুলিশ, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি এ অভিযান পরিচালনা করেন।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এ অভিযানে ওয়ার্ডের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানের এক পর্যায়ে রমজান নামের এক ব্যক্তির গ্যারেজে মাদক ব্যবসার অভিযোগে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা মাদকমুক্ত এলাকা গড়তে এমন উদ্যোগকে স্বাগত জানান।
অভিযানকালে আবুল কাউসার আশা বলেন, “বন্দর উপজেলার ২৩নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে আমরা সবাই একসাথে কাজ করছি। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ ও যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পুলিশ প্রশাসন, স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা একসাথে কাজ করলে মাদক নির্মূল সম্ভব।”
অভিযানে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এমন পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
এদিকে পুলিশ সদস্যরা জানান, মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকলে বন্দর উপজেলার ২৩নং ওয়ার্ডে মাদক ব্যবসা বন্ধ হবে এবং যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

