নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি ছাপাখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে রাজনৈতিক স্লোগান ও শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৭০টি কালো টি-শার্ট, ৪০টি লেমিনেটেড স্টিকার এবং আরও ১০টি কালো টি-শার্ট উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন ৫৫/২৭ এসএম মালেহ রোডের রিভারভিউ কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে একটি ছাপাখানায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমানের নির্দেশনায় এসআই মো. রমজান হোসেন ও এসআই মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নিতাইগঞ্জ এলাকার শিহাব আহম্মেদ আরাফাত (২৮), ১১৪/১ বি কে রোড এলাকার মো. জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), দেওভোগ-পাক্কা রোড এলাকার মো. সামির হোসেন খান (২৬) এবং রিভারভিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জিএম ট্রেডার্সের মালিক মো. রাকিবুল হাসান (৩২)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা, প্রচার-প্রচারণা এবং সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করছিলেন।
অভিযানকালে তাদের হেফাজত ও ঘটনাস্থল থেকে এসব প্রচারসামগ্রী উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে তারা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

