আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে নগর রাজনীতিতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন নির্দলীয় হওয়ায় ব্যালটে কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না। তবে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয়, দলীয় সমর্থন, সাংগঠনিক সক্ষমতা এবং নগরবাসীর সঙ্গে তাদের দীর্ঘদিনের যোগাযোগ এসব বিষয়ই নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিন রাজনৈতিক দলের পক্ষ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে মাঠে আলোচনা ও সাংগঠনিক প্রস্তুতি দৃশ্যমান হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ঘিরে আলোচনা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নামও মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
নাসিক নির্বাচন ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নাম অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। ২০১৬ সালের নাসিক নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে তাঁকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়। ২৫ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর নগরীর যানজট, হকার সমস্যা, সড়কের অবস্থা, মাদকসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করার পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। সাখাওয়াতের নগরীকে আধুনিক ও মাদকমুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।
ফলে প্রশাসক হিসেবে তাঁর কর্মকাণ্ড এবং একই সঙ্গে রাজনৈতিক পরিচয় দুই বিষয়ই নাসিকের আগামী নির্বাচনের আলোচনায় আলাদা মাত্রা যোগ করেছে। তবে বিএনপির পক্ষ থেকে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি সম্ভাব্য প্রার্থী হিসেবেই বিবেচিত হচ্ছে।এ ছাড়াও মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা জাকির খান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিব নাম ও শোনা যাচ্ছে।
এ ছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক তিন বারের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নামও আলোচনায় রয়েছে, আরেক প্রাথী সিরাজুল ইসলাম মামুন । জাতীয় সংসদ নির্বাচনে জোট প্রার্থী প্রার্থী ছিলেন তিনি।
এনপির তুলনায় প্রার্থী ঘোষণায় এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। গত ১৯ জুন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের নাম ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান তাঁর নাম ঘোষণা করেন ।
এরপর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় সাংগঠনিক ও গণসংযোগমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন আবদুল জব্বার। শুধু মেয়র প্রার্থী ঘোষণা নয়, জামায়াতে ইসলামী নাসিকের ১৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে। ১০ এপ্রিল মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। এর ফলে মেয়র প্রার্থিতার পাশাপাশি ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকার চেষ্টা করছে দলটি।
আবদুল জব্বার এর আগে নারায়ণগঞ্জের জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও আলোচনায় ছিলেন। তবে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে সমর্থনের কথা জানিয়েছিল জামায়াতের স্থানীয় নেতৃত্ব।
অন্যদিকে নাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তাঁর জন্য নাসিকের নির্বাচনী মাঠ নতুন নয়। ২০২২ সালের সিটি করপোরেশন নির্বাচনেও তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চলতি বছরও সদর ও বন্দর এলাকার বিভিন্ন কর্মসূচি ও গণসংযোগে তাঁকে সক্রিয় দেখা গেছে। ফলে দলীয় রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত পরিচিতি ও পূর্বের নির্বাচনী অভিজ্ঞতাও তাঁর সম্ভাব্য প্রার্থিতার আলোচনায় আসছে।
নাসিক নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত যে চিত্র সামনে এসেছে, তাতে সরাসরি দলীয় প্রতীকের লড়াই না থাকলেও রাজনৈতিক পরিচয় নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি, পূর্বের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক যোগাযোগ এবং নগরীর নাগরিক সমস্যাগুলো নিয়ে তাঁদের অবস্থানও ভোটারদের বিবেচনায় আসতে পারে।
সাখাওয়াত হোসেন খানের ক্ষেত্রে সামনে থাকছে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে তাঁর বর্তমান দায়িত্ব ও নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা। আবদুল জব্বারের ক্ষেত্রে রয়েছে জামায়াতের সাংগঠনিক প্রস্তুতি ও ওয়ার্ডভিত্তিক প্রার্থী দেওয়ার তৎপরতা। আর মুফতি মাসুম বিল্লাহর ক্ষেত্রে রয়েছে আগের সিটি নির্বাচনগুলোর অভিজ্ঞতা ও দীর্ঘদিনের গণসংযোগ।
তবে নির্বাচনের তফসিল, প্রার্থিতা চূড়ান্ত হওয়া এবং আনুষ্ঠানিক প্রচার শুরুর পরই নগরীর ভোটের প্রকৃত সমীকরণ আরও স্পষ্ট হবে। শেষ পর্যন্ত দলীয় পরিচয়ের বাইরে কোন প্রার্থী নগরবাসীর কাছে কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন, সেটিই নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

