আর্থিক অসচ্ছলতার কারণে যেন কেউ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এ লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘নবীগঞ্জ কদম রসুল বন্ধু আড্ডা ৫০+’ ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বন্দর কদম রসুলের কবিলের মোড় এলাকায় দিনব্যাপী এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
শিবিরে রোগীদের চোখ পরীক্ষা করে ছানি অস্ত্রোপচারের জন্য ২১ জনকে নির্বাচন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে।
আয়োজকেরা জানান, অর্থের অভাবে অনেক মানুষ চোখের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানির সমস্যায় আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে মোট ৫০০ মানুষকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে অসচ্ছল মানুষের চোখের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে এবং দৃষ্টিশক্তি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

