পেশাগত অধিক্ষেত্র সুরক্ষা, নিয়োগবিধি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নিকাহ্ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। এতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ্ রেজিস্ট্রাররা অংশ নেন।
সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব কাজী মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা তাঁদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতির বক্তব্যে কাজী মো. ফারুক আহমেদ বলেন, ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং নিকাহ্ রেজিস্ট্রার পেশার অস্তিত্ব ও মর্যাদা রক্ষার তাগিদেই তাঁরা একত্রিত হয়েছেন। ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার আলোকে তাঁদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই শান্তিপূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিকাহ্ রেজিস্ট্রাররা সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু বর্তমানে তাঁদের পেশাগত নিরাপত্তা ও কর্মপরিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।
দাবিগুলোর মধ্যে রয়েছে—নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান কর্মপরিধি বা অধিক্ষেত্র বহাল রাখা, কোনো কাজী অবসর গ্রহণ কিংবা মৃত্যুবরণ করলে শূন্য পদে তাঁর যোগ্য পুত্রকে নিয়োগের বিধান বাস্তবায়ন, এ পেশায় সাধারণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মাদ্রাসায় শিক্ষিত যোগ্য আলেমদের অগ্রাধিকার দেওয়া, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধি এবং বিবাহের ক্ষেত্রে বর-কনের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করে যথাক্রমে ১৬ ও ১৮ বছর নির্ধারণ।
কাজী মো. ফারুক আহমেদ আরও বলেন, দীর্ঘদিনের নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে বর্তমান সময়ে অফিস পরিচালনা ও পারিবারিক ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে অধিক্ষেত্র পরিবর্তন বা সংকুচিত করা হলে পেশাগত শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার ও জেলা প্রশাসন তাঁদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কাজী মো. মাসুম বিল্লাহ, কাজী মো. আব্দুর রব, কাজী মো. ইউসুফ আলী, কাজী মো. ইসমাইল তারেক, কাজী মো. আজিজুল ইসলাম, কাজী মো. আল আমিন, কাজী মো. আব্দুল হক, কাজী মো. সাইফুল ইসলামসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নিকাহ্ রেজিস্ট্রাররা।

