নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা এবং তাঁর বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সাংবাদিক নেতারা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব দাবি ও হুঁশিয়ারি দেওয়া হয়।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিংকন এবং দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহমেদ বাঁধন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা এবং তাঁর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনার তিন দিন পার হলেও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। অথচ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। সাংবাদিকের নিরাপত্তার প্রশ্নে অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করতে না পারায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মাদক কারবারি ও সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাঁদের বিষয়েও সাংবাদিকদের কাছে তথ্য রয়েছে। আপাতত কারও নাম প্রকাশ করা হচ্ছে না। তবে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা বা হুমকির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সমাবেশ থেকে আল আমিন প্রধানের ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় জেলার সব পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম, ফতুল্লা প্রেসক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল ও রাকিব চৌধুরী শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে সাংবাদিক আল আমিন প্রধানের কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় মাসুম নামে পরিচিত এক ব্যক্তিসহ ৫-৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে বাধা দিলে আল আমিন প্রধানের ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যায়।
এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে সাংবাদিক আল আমিন প্রধানের বাড়ির নিচে অবস্থান নেয় বলে অভিযোগ ওঠে। ওই সময় আল আমিন বাসায় ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করে অভিযুক্তরা তাঁর নাম ধরে ডাকাডাকি করে এবং বাইরে বেরিয়ে আসতে বলে। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যায় তারা।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে অবহিত করেন আল আমিন প্রধান। পাশাপাশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
সাংবাদিকের নিরাপত্তা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে এখন আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

