নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তির মধ্যে একজন কার্যালয়ের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে দুটি পৃথক তদন্ত দল গঠন করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে আমানা গার্মেন্টসের পাশের একটি টিনশেড কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই অস্থায়ী কার্যালয়টি ব্যবহার করতেন। ঘটনার রাতে দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে ভেতরে প্রবেশ করে।
একপর্যায়ে কার্যালয়ের ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে চলে যায় ওই ব্যক্তি। পরে তার সঙ্গে আসা অন্যরাও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে দুটি পৃথক তদন্ত দল কাজ শুরু করেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, যে স্থানে আগুন দেওয়া হয়েছে, সেটি আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতেন। তবে ঘটনাটিকে পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
কার্যালয়ে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

