নারায়ণগঞ্জের পোশাকশিল্পে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের আশঙ্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। জেলার অধিকাংশ শিল্পাঞ্চলে শ্রমিকদের উপস্থিতি ও কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এখন পর্যন্ত শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এসব কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, আগে যেসব শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বর্তমানে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার কারণে কারখানাগুলোতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলসহ জেলার সার্বিক নিরাপত্তায় ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের জনবল সংকট থাকায় মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন, পুলিশের বাড়তি টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে গত সপ্তাহের শ্রমিক বিক্ষোভের পর নারায়ণগঞ্জের পোশাকশিল্পে আপাতত স্বাভাবিক উৎপাদন ও কর্মপরিবেশ বজায় রয়েছে।

