জুলাই যোদ্ধাদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। রোববার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির নেতৃবৃন্দ তাঁর হাতে প্রতিকৃতি আঁকা একটি স্কেচ তুলে দেন।
এ সময় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ জানান, সংগঠনের অনেক সদস্য বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। তাদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন তারা।
জবাবে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের বিষয়ে সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যতদিন তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্বে থাকবেন, ততদিন জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে এ সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন, ফাহমিদা খান্দকার এ্যামি, মোহাম্মদ রনি, মাহফুজুর রহমান নিতুলসহ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

