নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল কিনতে পারবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলার ১০টি স্থানে খোলা ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ফতুল্লার তল্লা, কায়েমপুর, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে জেলার ১০টি খোলা ট্রাকে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে চাল সরবরাহ করা হচ্ছে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
তিনি জানান, জেলার ১০টি নির্ধারিত স্থানে প্রতি শুক্রবার এ কার্যক্রম চলবে। তবে শ্রমিকদের সুবিধার্থে একেক শুক্রবার একেক স্থানে চাল বিক্রি করা হবে।
চাল কিনতে আসা পোশাকশ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে কম দামে চাল পাওয়ায় কিছুটা স্বস্তি মিলবে। তবে চালের পাশাপাশি ডাল, তেল, আটা ও অন্যান্য নিত্যপণ্যও ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা হলে শ্রমিকদের আরও বেশি উপকার হতো।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, প্রাথমিকভাবে তিন মাসের জন্য সরকার এ বিশেষ কর্মসূচি চালু করেছে। প্রথম দিনেই শ্রমিকদের মধ্যে এ কার্যক্রম নিয়ে ভালো সাড়া পাওয়া গেছে।

