নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির অপবাদে গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়ার ঘটনার ৪৮ দিন পর মারা গেছে ১৩ বছর বয়সী কিশোরী আফরীন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
নিহত আফরীন সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর একটি বাটন মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে আফরীনের শরীরে গরম পানি ঢেলে দেন তার প্রতিবেশী মামা জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়া। এতে কিশোরীর শরীরের প্রায় ৩৫ শতাংশ ঝলসে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে রেখেও তার চিকিৎসা চলছিল। কিন্তু দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযুক্ত মামা ও মামীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় আগেই মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মৃত্যুর পর মামলায় হত্যাকাণ্ড-সংক্রান্ত ধারা যুক্ত করা হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এদিকে আফরীনের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা।

