ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ এবং অতিরিক্ত ৫ টাকা ভাড়া প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে গণসংহতি আন্দোলন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেয়।
প্রতিনিধি দলে ছিলেন গণসংহতি আন্দোলনের মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে তারিকুল সুজন অভিযোগ করেন, পরিবহন খাতে দীর্ঘদিন ধরে থাকা সিন্ডিকেটের কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। তার দাবি, গত ২৩ এপ্রিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার কিলোমিটারপ্রতি বাসভাড়া ১১ পয়সা নির্ধারণ করলেও ২১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস মালিকরা ৫৫ টাকা ভাড়া আদায় করেছেন। এতে সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন বাসের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। পাশাপাশি ঢাকা নগর পরিবহনের এসি বাসের ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তারিকুল সুজন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকেও আগের ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা হাফ ভাড়া নেওয়া হচ্ছে। সাধারণ ভাড়া ৬০ টাকা হলে শিক্ষার্থীদের হাফ ভাড়া ৪০ টাকা নির্ধারণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
স্মারকলিপি গ্রহণের সময় জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রায়হান কবির গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। পরে তিনি বিআরটিএর সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের দাবি, জেলা প্রশাসকও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। তারা জানান, জেলা প্রশাসক অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং বাস মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

