মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করে বলেন, আমার বক্তব্যের মূল প্রেক্ষাপট থেকে কিছু অংশ আলাদা করে খণ্ডিতভাবে উপস্থাপন করা হচ্ছে। এতে আমার প্রকৃত অবস্থান ও বক্তব্যের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে। তাই সবার প্রতি বিনীত অনুরোধ, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুরো বক্তব্যটি শুনুন এবং এর প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা করুন।
একজন ব্যবসায়ী হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তাদের যেসব বাধা ও হয়রানির মুখোমুখি হতে হয়, আমি মূলত সেই বাস্তবতাই তুলে ধরেছি। দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও আমলাতান্ত্রিক জটিলতা দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশকে নানাভাবে বাধাগ্রস্ত করেছে।
প্রকৃতপক্ষে, ১৯৭১ সালের পর থেকেই দেশের প্রশাসনিক কাঠামোর ভেতরে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা শিকড় গেড়েছে। এটি কোনো একটি সরকারের সৃষ্টি নয়; বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রাতিষ্ঠানিক সমস্যা। এই বাস্তবতার দায় শুধু বর্তমান বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়া যৌক্তিক নয়। মাত্র আট-নয় মাস দায়িত্ব পালন করা একটি সরকারকে কয়েক দশকের প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সংকটের জন্য দায়ী করা বাস্তবসম্মত নয়। তবে এটাও সত্য, প্রশাসনে অনেক সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন। তাঁদের অবদানকে অবশ্যই স্বীকার করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি কর্মসংস্থান সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থান রক্ষাও অত্যন্ত জরুরি। যেসব শিল্পকারখানা বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলো সচল রাখা না গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, বিদ্যমান কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে। এতে শ্রমিক-কর্মচারীদের জীবিকা যেমন অনিশ্চিত হবে, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।
দুঃখজনকভাবে, আমার বক্তব্যকে মূল বিষয় থেকে সরিয়ে নিয়ে কোনো বিশেষ পক্ষের প্রতি সমর্থন কিংবা রাজনৈতিক অবস্থান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। অথচ আমার বক্তব্যের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। আমি চাই, সরকারি দপ্তরে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হোক, দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তন আসুক, উদ্যোক্তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ পান, শিল্পকারখানাগুলো সচল থাকুক এবং মানুষের কর্মসংস্থান সুরক্ষিত হোক।
আমি কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না; বরং দেশের অর্থনীতি, শিল্প ও কর্মসংস্থানের স্বার্থে বাস্তব সমস্যাগুলো তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে যেসব প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত বাধা রয়েছে, সেগুলো দূর করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।
আমার বক্তব্যের মূল উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়; বরং দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধানের পথ তৈরি করা। তাই বিচ্ছিন্ন কোনো বক্তব্যের ভিত্তিতে নয়, পুরো বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করেই আমার অবস্থান মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি।

