নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলায় সংঘটিত পৃথক দুটি আলোচিত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে দুই ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাপানপ্রবাসীর কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে লুট হওয়া দুটি শটগানের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
তিনি জানান, গত ৮ জুলাই জাপানপ্রবাসী এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত দল তার গাড়ির পথরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন এবং প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কবির হোসেনসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া স্বর্ণালংকারসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে মামলার আরও এক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গত ২ জুলাই বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনাতেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ওই ঘটনায় ডাকাতরা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে দুটি শটগান ছিনিয়ে নেয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া দুটি শটগানের মধ্যে একটি উদ্ধার করা সম্ভব হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতার এবং বাকি লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

