নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে মোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পসংলগ্ন পুলিশের চেকপোস্টে পৃথক দুটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই নারী যাত্রী ফাতেমা (৪৫) ও খালেদা (৩৩)-এর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর কিছুক্ষণ পর ভোর সাড়ে ৫টার দিকে একই চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় আয়াছ (২৫) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁর পেটে ইয়াবা থাকার বিষয়টি উঠে আসে। পরে তাঁর পায়ুপথ দিয়ে বের করা ১০টি প্যাকেট থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

