জনগণের অধিকার ও সম্পদ রক্ষা করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেছেন, দেশের মানুষ এখন আর অনুদান কিংবা সাময়িক সুবিধা চায় না; তারা চায় নিরাপত্তা, শান্তি, ন্যায়বিচার ও আইনের শাসন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল জব্বার বলেন, মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে দেশে পরিবর্তন এলেও দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের অবসান হয়নি। অপরাধীদের যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে। যারা অপরাধ করবে, তাদের স্থান হবে কারাগারে; আর সাধারণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্য নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এই নেতা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পেছনে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকাজের মান নিয়েও সমালোচনা করেন আবদুল জব্বার। তিনি বলেন, মাত্র ১৫ দিন আগে নির্মাণকাজ শেষ হওয়া ফুটপাতের স্লাব ভেঙে যাচ্ছে। অতীতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ শোনা গেলেও বর্তমানে নির্মাণকাজে কী উপকরণ ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০ কোটি টাকা বরাদ্দের পরও যদি কাজের এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল পাবে কীভাবে?
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। দলটির নেতাকর্মীদের কথার সঙ্গে কাজের মিল থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আবদুল জব্বার বলেন, যারা নিজেরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের দিয়ে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব নয়। জামায়াতে ইসলামী মাদক গ্রহণ ও মাদক ব্যবসা—কোনোটিকেই প্রশ্রয় দেবে না। একই সঙ্গে সমাজে কোনো ধরনের জুলুম-নির্যাতন মেনে নেওয়া হবে না এবং কাউকে অন্যের ওপর জুলুম করতে দেওয়া হবে না।
নাগরিকদের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এমন একটি সমাজ চায়, যেখানে অপরাধীরা প্রভাব খাটিয়ে পার পেয়ে যাবে না, আবার নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই এমন নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে হবে।
সভায় থানা আমীর আবুল কালামের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

